বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তা ভালো হবে না: রুমিন ফারহানা

Published: 22 February 2026 13:02

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধার সম্মুখীন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন যে, দলের নেতাকর্মীদের এই ধরনের উশৃঙ্খল ও অন্যায় আচরণকে ‘বিচ

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধার সম্মুখীন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন যে, দলের নেতাকর্মীদের এই ধরনের উশৃঙ্খল ও অন্যায় আচরণকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে প্রশ্রয় দিলে তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, যা শেষ পর্যন্ত বিএনপির জন্য চরম অমঙ্গল বয়ে আনবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে, বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন করলেও যদি বিভিন্ন আসনে এভাবে অরাজকতা চলতে থাকে, তবে পুরো দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের কন্যা হিসেবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের দেশে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে ইতিহাসের বিকৃতি ঘটে— যেখানে ক্ষমতার প্রভাবে কেউ হয় ‘দেবতা’ আর কেউ ‘ইবলিস’, কিন্তু প্রকৃত ইতিহাস ও সাধারণ মানুষের ত্যাগের কথা সবসময়ই আড়ালে রয়ে যায়।

ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে প্রতিফলিত না হওয়াকে জাতি হিসেবে লজ্জাজনক অভিহিত করে তিনি আরও জানান যে, তাঁর গায়ে রাজনৈতিক কোনো তকমা বা ‘ট্যাগ’ লাগিয়ে দেওয়ার অপচেষ্টায় তিনি বিচলিত নন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ মিনারে একজন নারী সংসদ সদস্যকে ফুল দিতে না দেওয়ার মতো অগণতান্ত্রিক আচরণের তীব্র সমালোচনা করেন।

Shamiur Rahman

Related