আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত

Published: 03 March 2026 13:03

জুলাই-আগস্টের নৃশংস গণহত্যার প্রধান কুশীলবদের রহস্যজনকভাবে জামিন প্রদান এবং বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলো পুনরায় খুলে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে

জুলাই-আগস্টের নৃশংস গণহত্যার প্রধান কুশীলবদের রহস্যজনকভাবে জামিন প্রদান এবং বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলো পুনরায় খুলে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

 

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেছেন যে, যে ফ্যাসিস্ট শক্তি ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে দেশজুড়ে লাশের পাহাড় তৈরি করেছিল, সেই অপরাধীদের একের পর এক কারামুক্তি দেওয়া এবং আধিপত্যবাদী শক্তির পদলেহনকারী আওয়ামী লীগের অফিসগুলো পুনরায় সচল হতে দেওয়া দেশের কষ্টার্জিত গণতন্ত্রের জন্য এক ভয়াবহ অশনিসংকেত।

 

তিনি উদাহরণস্বরূপ উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থান দমনে প্রকাশ্যে সক্রিয় থাকা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং মাদক কারবারে অভিযুক্ত আবদুর রহমান বদিসহ পতিত ফ্যাসিবাদের দোসরদের যেভাবে তড়িঘড়ি করে জামিন দেওয়া হচ্ছে, তার নেপথ্যে থাকা কুচক্রী মহলকে জাতি চিনে ফেলেছে; এমনকি ‘সুরক্ষা অধ্যাদেশ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশ হত্যার বানোয়াট তদন্তের মাধ্যমে জুলাইয়ের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টাও চলছে।

 

জামায়াতের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা জামিনে মুক্ত হয়ে যেভাবে প্রকাশ্য দিবালোকে পুনরায় খুনের নেশায় মেতে উঠছে এবং দেশজুড়ে লুটপাট ও চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, তার দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।

 

বিবৃতিতে অবিলম্বে আইভী ও বদিসহ সকল গণহত্যাকারীর জামিন বাতিল করে দ্রুত বিচার নিশ্চিত করার এবং খুলে দেওয়া আওয়ামী লীগ অফিসগুলোর বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে; অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো আত্মঘাতী পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে রাজপথে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি।

Shamiur Rahman

Please share your comment:

Related