৯ জেলায় আ.লীগের কার্যালয় খুলল

Published: 19 February 2026 16:02

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ও নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ হঠাৎ করেই নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা কার্যক্রমের ম

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ও নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ হঠাৎ করেই নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা কার্যক্রমের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছে। গত বুধবার দেশের অন্তত নয়টি জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ব্যানার সাঁটানো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে নোয়াখালীর মাইজদীতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যানার ঝুলানো, বরগুনা ও কুড়িগ্রামে জাতীয় পতাকা উত্তোলন এবং নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকায় প্রকাশ্য স্লোগান দেওয়ার মাধ্যমে নেতাকর্মীরা ঝটিকা কর্মসূচি পালন করে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শরীয়তপুর ও দিনাজপুরের পার্বতীপুরেও ভোরে কার্যালয় খুলে সংক্ষিপ্ত সমাবেশ ও ছবি টানানোর ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে পার্বতীপুর ও নোয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে হবিগঞ্জে দলীয় কার্যালয় খোলার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে নতুন পরিচিতি ফলক লাগানোর খবর পাওয়া যায়। পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় দলটির এই আকস্মিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তবে পুলিশি টহল জোরদার এবং ধরপাকড় শুরু হওয়ায় অনেক জায়গাতেই নেতাকর্মীরা কর্মসূচি শেষ করেই দ্রুত আত্মগোপনে চলে যাচ্ছেন।

Shamiur Rahman

Related