ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের

Published: 09 February 2026 15:02

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ইসির উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়।

নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত জানিয়ে জামায়াতের আমির বলেন, সেদিন গর্বভরে ভোটার লাইনে দাঁড়াবে, ছবি তুলবে, আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত-এই জাতি প্রস্তুত।

বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।

Shamiur Rahman

Related