সেদিন ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম জাতীয় সংসদকে: নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক আবেগঘন ও ঐতিহাসিক বক্তব্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা এবং এর পেছনের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তুলে ধরেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক আবেগঘন ও ঐতিহাসিক বক্তব্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা এবং এর পেছনের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে দেওয়া বক্তব্যে তিনি ৫ আগস্ট তথা '৩৬ জুলাই' জাতীয় সংসদকে ফ্যাসিস্টমুক্ত করার বৈপ্লবিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ পাওয়ার পেছনে জুলাই শহীদদের আত্মত্যাগই মূল প্রেরণা।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন যে, চব্বিশের এই অভ্যুত্থান কেবল একটি বছরের ঘটনা নয়, বরং এটি পিলখানা হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন এবং আবরার ফাহাদ, ফেলানী খাতুন ও শরিফ ওসমান হাদির মতো অসংখ্য মানুষের রক্ত ও সংগ্রামের এক দীর্ঘ পথপরিক্রমা। বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই আন্দোলনে শিশু-কিশোরদের অসামান্য বীরত্বের কথা স্মরণ করে শহীদ আনাসের তার মায়ের কাছে লেখা চিঠির একটি হৃদয়স্পর্শী অংশ পাঠ করেন, যা সংসদ কক্ষের পরিবেশকে আবেগভারাক্রান্ত করে তোলে।
Shamiur Rahman
