আকস্মিকভাবে স্বাস্থ্য সেবা সচিব বদলি

Published: 04 April 2021 19:04

স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নান ঠিক তখনই তাকে বদলি করা হয়েছে বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। 

উল্লেখ্য,  স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নানকে গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিলো। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে নানা রকম দুর্নীতি -বিতর্ক এবং করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ সেই সময় আসাদুল ইসলামকে সরিয়ে স্বাস্থ্য সেবা সচিব হিসেবে মো. আবদুল মান্নানকে দায়িত্ব দেয়া হয়।

আবদুল মান্নান দায়িত্ব নেয়ার অল্প কয়েকদিন পরেই তিনি তার সহধর্মিনীকে হারান। তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে  শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হন এবং গত দুইদিন আগে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন।  এই অবস্থায় স্বাস্থ্য সচিবের বদলি করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Shamiur Rahman

Related