রাজবাড়ী থেকে ফের ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ
শনিবার (১৭ জুন) দুপুর থেকে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনরে সঙ্গে বিরোধে ফের রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক-শ্রমিকরা।
শনিবার (১৭ জুন) দুপুর থেকে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন।
ঘোষণা না দিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরে চলাচলরত যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ফলে তীব্র গরমে অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয় করে ভেঙে ভেঙে অবৈধ যান অটোরিকশা ও মাহিন্দ্রায় গন্তব্যে যাচ্ছেন তারা।
কাদের আলী নামে রাজবাড়ী এক যাত্রী জানান, আগে থেকে জানিনা বাস বন্ধ, আসার পর জানতে পারলাম। এখন এই রোদের মধ্যে চরম বিপদে পড়েছি।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হয় না। কিন্তু ফরিদপুরের গোন্ডেন লাইন বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল করে। এ নিয়ে বিরোধে ১৫ জুন বিকেল থেকে রাজবাড়ীতে ঢাকাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়।
তবে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য আনুষ্ঠানিক পরিবহন ধর্মঘট আহ্বান করে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। পরে শুক্রবার রাতেই জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু শনিবার ফের গোল্ডেন লাইনের বাস চলাচল করায় রাজবাড়ীতে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
Shamiur Rahman
