মানবজীবন ও দায়িত্ববোধ
সূরা আল-বাকারাহ'র ২৮৬ নং আয়াতের শিক্ষা
এই আয়াত মানবজীবনের দায়িত্ববোধ ও ন্যায়বিচারের এক চিরন্তন বার্তা বহন করে। এটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের উচিত নিজের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া, যেন তা কল্যাণকর হয় এবং অন্যের ক্ষতির কারণ না হয়
পবিত্র কুরআনের সূরা আল-বাকারাহ ২৮৬ নম্বর আয়াতে মানবজীবনের এক গভীর ও আশাব্যঞ্জক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে—আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। মানুষ যা ভালো কাজ করে, তার প্রতিদান সে পাবে; আর যা মন্দ কাজ করে, তার দায়ভারও তাকেই বহন করতে হবে।
এই আয়াত মানবজীবনের দায়িত্ববোধ ও ন্যায়বিচারের এক চিরন্তন বার্তা বহন করে। এটি আমাদের শিক্ষা দেয় যে, জীবনের প্রতিটি কাজের হিসাব রয়েছে এবং সেই হিসাব সবাইকে একদিন পরিশোধ করতেই হবে। তাই মানুষের উচিত নিজের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া, যেন তা কল্যাণকর হয় এবং অন্যের ক্ষতির কারণ না হয়।
একই সঙ্গে এই আয়াত আমাদের মাঝে এক ধরনের মানসিক প্রশান্তিও এনে দেয়। কারণ আমরা জানি, আল্লাহ আমাদের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না। জীবনের কঠিন সময়গুলোতে এই বিশ্বাস আমাদের শক্তি জোগায় এবং ধৈর্য ধারণে সহায়তা করে।
আজকের সমাজে, যেখানে অনেকেই নিজের কাজের দায় এড়াতে চায়, সেখানে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রত্যেককেই নিজ কর্মের জন্য জবাবদিহি করতে হবে। ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি মন্দ কাজের পরিণতিও অনিবার্য।
অতএব, আমাদের উচিত এই মহৎ শিক্ষাকে হৃদয়ে ধারণ করা এবং নিজেদের জীবনকে এমনভাবে পরিচালিত করা, যাতে আমরা কল্যাণের পথে এগিয়ে যেতে পারি এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি। মানুষ তার কর্মের ফল ভোগ করবেই—এই সত্যকে সামনে রেখেই হোক আমাদের সৎ ও দায়িত্বশীল জীবনযাপন।
Shamiur Rahman
