ওসিদের বদলির সময় বাড়াল ইসি

Published: 04 December 2023 19:12

আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে

গত ৩০ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছিল।

তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে ইসি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেয়। 

এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন বলে জানিয়েছিল ইসি।

তবে সারা দেশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে সময় চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে তিনদিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সময়সীমা তিন দিন বাড়িয়ে ৮ ডিসেম্বর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।

Shamiur Rahman

Related