রাজবাড়ীতে গুজব ছড়ানোর অভিযোগে তরুণী গ্রেফতার
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা
রাজবাড়ীতে গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতি নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।
নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার স্বামী মো. খোকন আহম্মেদ একজন প্রবাসী।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।
রাজবাড়ী জেলা পুলিশের সদর থানার অফিসার ইনচার্চ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, তাকে কোর্টে চালান করা হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করিবার লক্ষ্যে মিথ্যা, বানোয়াট ও মানহানিকার এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম/ডিজিটাল মাধ্যমে প্রচার করেন।
গ্রেফতারের আগে ফেসবুক লাইভে আসেন সোনিয়া আক্তার স্মৃতি। সেখানে পুলিশের উদ্দেশে তিনি বলেন, 'আমাকে মধ্যরাতে কেন ধরতে আসছেন? আমি তো পালিয়ে যাচ্ছি না।'
মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক আলেয়া আক্তার বলেন, সদর থানায় মামলার প্রেক্ষিতে রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে বাসায় চলে আসছি। এর বেশি এখন কিছু বলা সম্ভব নয়।
Shamiur Rahman
