ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: 15 January 2024 17:01

সোমবার (১৫ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী

খাদ্যমূল্যের সাথে সামঞ্জস্য করে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিটি মন্ত্রণালয়কেই হিসেব করে চলতে হবে। অপচয় রোধে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সকারপ্রধান বলেন, চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুদ্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বৈরী পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়কে আহবানও জানান সরকারপ্রধান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

Shamiur Rahman

Related