সাতক্ষীরা জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক
রওশন আরা জামানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অনিয়ম ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ
ঘুষ, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অনিয়ম ও অবৈধভাবে সম্পদ অর্জন
ঘুষ, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অনিয়ম ও অবৈধভাবে অর্জিত সম্পদের অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামানের বিরুদ্ধে।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব বরাবর এক অভিযোগে এ তথ্য উঠে এসেছে। রওশন আরা জামানের নিজের বাড়ি সাতক্ষীরার কামালনগর এলাকায়। উক্ত এলাকায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ১টি ৪তলা ভবন রয়েছে। এছাড়াও কামালনগর এলাকায় তার মেসার্স ওয়ার্ছী ট্রেডার্স নামে রড-সিমেন্টের দোকান রয়েছে। সেখানে কোটি টাকা বিনিয়োগ রয়েছে। একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোটি টাকার ব্যবসা ও ২ কোটি টাকা মূল্যের বাড়ি ছাড়াও নামে বেনামে অনেক সম্পদ ও ব্যাংক ব্যালেন্স রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝেও রয়েছে ব্যাপক কৌতুহল।

অভিযোগের সূত্র ধরে ‘ফিন্যান্স টুডে’র অনুসন্ধানী টিম খুঁজে পায় তার বিরুদ্ধে আরও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য। ইতোপূর্বে তার বিরুদ্ধে সাতক্ষীরার স্থানীয় গণমাধ্যমসহ জাতীয় গণমাধ্যমে রওশন আরা জামানের রিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
তার বিরুদ্ধে অবৈধ ক্ষমতা প্রয়োগ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও কোন প্রকার তদন্ত করা হয়নি।
এছাড়াও মাগুরা জেলায় কর্মরত থাকাকালীন সময়ে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহান আরা খাতুনের বিরুদ্ধে একটি তদন্তে তার বিপুল অর্থের বিনিময়ে দুর্নীতিও ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাগুরার কর্মচারী শাহান আরা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় নিয়োগে তথ্য প্রদানে অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশিত হয়েছিল।
রওশন আরা জামান মাগুরায় কর্মরত থাকাকালীন সময়ে পরিবার কল্যাণ সহকারী নিয়োগে প্রায় ৭০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগপত্রে উঠে এসেছে।
