টাঙ্গাইলে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টে প্রাণবন্ত টুকু
টাঙ্গাইলের সন্তান হিসেবে নিজের শৈশব ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, এই মাটিতেই তার বেড়ে ওঠা আর দীর্ঘ ৪০ বছর ধরে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন
টাঙ্গাইলের সন্তোষে ভাসানী যুব সংঘের আয়োজনে ‘ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সন্তোষ রথখোলা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভূঞাপুর নজরুল সেনা একাদশ ও টাঙ্গাইল সদর এক্সপ্রেস। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ এবং বিপুল দর্শক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইপিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদরে এ ধরনের খেলার আয়োজন যাতে প্রতি বছর করা যায়, সে বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন। তিনি দর্শকদের ধৈর্য ধরে খেলা উপভোগ করার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক টুকু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে, যা অবশ্যই জনবান্ধব হতে হবে।
টাঙ্গাইলের সন্তান হিসেবে নিজের শৈশব ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, এই মাটিতেই তার বেড়ে ওঠা আর দীর্ঘ ৪০ বছর ধরে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
আগামীর টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ ও আধুনিক শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
Shamiur Rahman
