মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকাল ৩টায়

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

Published: 18 February 2026 08:02

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসের পূর্নাঙ্গ কর্মসূচীর বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমদিনেই মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসের পূর্নাঙ্গ কর্মসূচীর বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূচী অনুযায়ী, আজ (বুধবার) সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। 

এরপর, সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি। যদিও এই বৈঠকের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি; তবে এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী আলোচনা।

পরবর্তীতে বিকাল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই সভায় তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকাল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। একইসঙ্গে, দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।

Shamiur Rahman

Related