অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একে একে মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ।
মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
Shamiur Rahman
