রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

Published: 28 February 2026 18:02

প্রতিমন্ত্রী খৈয়ম শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। এসময় প্রতিমন্ত্রীকে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান

চারদিনের রাষ্ট্রীয় সফরে রাজবাড়ী এসেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এদিকে, প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নিজ জেলায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাকে দিনভর ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী খৈয়ম শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। এসময় প্রতিমন্ত্রীকে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দিনের কার্যক্রম শেষে শহরের বড়পুল এলাকায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দিবেন।

এরপর মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক উন্নয়ন সভায় যোগদান করবেন। ওইদিন বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

Shamiur Rahman

Related