রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি থেকে একজনের পদত্যাগ
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটে এক সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষনা দেন
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন কমিটি থেকে পদত্যাগ করেছেন চিত্তরঞ্জন কুন্ডু। তিনি পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটে এক সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষনা দেন।
বর্তমান এই কমিটির কার্যক্রম, ধর্মীয় ছবি, ভঙ্গি, ধর্মীয় ভাব গাম্ভীর্যতার বাইরে গিয়ে এটি একটি হিন্দু সালিশি বোর্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে চিত্তরঞ্জন কুন্ডু বলেন, ‘আমি পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির একজন উপদেষ্টা। বিগত রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তার প্রেক্ষিতে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রাক্কালে মৌখিকভাবে কিছু নীতিমালা মেনে চলার কথা হয়। একটি কথা বিশেষ ভাবে আসে, যে যে রাজনৈতিক দলেরই সদস্য হোক না কেন তিনি যেন পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে তার দলীয় কোন প্রভাব না খাটায়, যা আমরা প্রায় বিগত ১৫ বছরে প্রায়ই পরিলক্ষিত হতে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘এই সব কথা আলোচনায় বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় থাকলেও আমাদের বর্তমান এই কমিটির কার্যক্রম, ধর্মীয় ছবি, ভঙ্গি, ধর্মীয় ভাব গাম্ভীর্যতার বাইরে গিয়ে এটা একটি হিন্দু সালিশি বোর্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয় এই কমিটির কর্তাব্যক্তিরা নিজেদের দলীয় পরিচয় হিসেবে বা দলীয় উৎশৃঙ্খল লোকদের সাথে যোগাযোগ রেখে শালীসী ব্যবস্থা করতে সচেষ্ট থাকতে দেখা যাচ্ছে।
এই কমিটি শক্তিশালী নেতৃত্ব নিয়ে গঠিত। কিন্তু অতীতের কথাবার্তা তুলে এনে হিন্দুদের মধ্যে আবার বিভক্তি এবং ধর্মীয় শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটছে। এসব বিষয় নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার প্রেক্ষিতে আমি এই কমিটির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি।’
এসময় তিনি পূজা উদযাপন পরিষদের কার্যনিবাহী কমিটির সভায় পদত্যাগ পত্রটি গ্রহণ করার অনুরোধ জানান।
Shamiur Rahman
