সুদ পরিশোধে বাজেটের ১৪ শতাংশের বেশি বরাদ্দ

Published: 06 June 2024 16:06

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৩৮৬ কোটি টাকা। তবে, ডলারের দাম ও সুদের হার বাড়ায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ঋণের সুদের জন্য এক লাখ ৫৩০০ কোটি টাকা রেখেছে সরকার।

আজ আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা হতে পারে।

এর মধ্যে দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার। যা মোট বাজেটের ১৪.২৪ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ৯৩ হাজার কোটি টাকা, বৈদেশিক ঋণের সুদ পরিশোধে যাবে ২০ হাজার ৫০০ কোটি টাকা।

জানা গেছে, গত পাঁচ বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ হয়েছে দ্বিগুণ। চলতি অর্থবছরের বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধে যে অর্থ রাখা হয়েছিল তা অর্থবছরের প্রথম ১০ মাসেই বরাদ্দ শেষ হয়ে গেছে।গত এক দশকে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ১০৮ শতাংশ।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতিতে সুদ পরিশোধের অর্থ বরাদ্দ বাড়াতে বাধ্য হচ্ছে সরকার।

প্রতিবেদন থেকে জানা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৩৮৬ কোটি টাকা। তবে, ডলারের দাম ও সুদের হার বাড়ায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ঋণের সুদের জন্য এক লাখ ৫৩০০ কোটি টাকা রেখেছে সরকার।

Shamiur Rahman

Related