শাকিল আহমেদ ও ফারজানা রুপা আটক

Published: 21 August 2024 20:08

আজ বুধবার দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)

একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

আজ বুধবার দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।

শাকিল ও ফারজানা স্বামী-স্ত্রী। বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা। তাঁরা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান।

এসময় ডিবির একটি দল বিমানবন্দর গিয়ে জানায়, শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে। ঐ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল-ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি। এসময় সঙ্গে তাঁদের মেয়ে ছিল।

শাকিল–ফারজানাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি সূত্র এই তথ্য জানিয়েছে।

৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী সেদিন (৮ আগস্ট) থেকেই শাকিল (হেড অব নিউজ) ও ফারজানাকে (প্রিন্সিপাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Shamiur Rahman

Related