দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, কে কোন দায়িত্বে?
নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারি প্রজ্ঞাপনের আলোকে গতকাল মঙ্গলবার এই দায়িত্ব অর্পণ করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা) অজিত দেবের সই করা আদেশে বলা হয়েছে, বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
এই আদেশের অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে সদয় অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন হাবিবুর রশিদ। অন্যদিকে, বরিশাল-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে রাজিব আহসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভের পর নবগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হাবিবুর রশিদ হাবিব এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাজীব আহসানকে নিয়োগ দিয়েছিলেন।
Shamiur Rahman
