বিএনপির নিরঙ্কুশ জয়ে ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

Published: 14 February 2026 06:02

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাদের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন দল, জোট ও সংগঠন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাদের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিএনপিকে অভিনন্দন জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট বলেছে, ‘ক্যারিশমেটিক লিডার’ তারেক রহমানের ম্যাজিকে এই বিজয়। তারা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে জোট যেভাবে সামনের সারিতে থেকে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে; এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতেও তারেক রহমানের পাশে থাকবে।

বিবৃতিদাতারা হলেন- জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ভাসানী জনশক্তি পার্টি।

দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেছেন, এই বিজয় মরহুমা খালেদা জিয়ার বিজয়, তারেক রহমানের বিজয়, ১৯ দফার বিজয়, সংস্কারের পক্ষের মানুষের বিজয়। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা ফ্যাসিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়।

এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব লায়ন আহমেদুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ঐক্য পরিষদের অভিনন্দন 

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

একইসঙ্গে আশা প্রকাশ করা হয় যে, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।

Shamiur Rahman

Related