ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: টাঙ্গাইল-৫ (সদর)

আমি এমপি হলে উন্নয়নের তালিকায় টাঙ্গাইল থাকবে এক নম্বরে

Published: 08 February 2026 22:02

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের উন্নয়নের তালিকায় টাঙ্গাইল জেলা এক নম্বরে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঢাকার পাশের গাজীপুর ইতোমধ্যে সিটি কর্পোরেশনের আওতায় এসে উন্নত হয়েছে। টাঙ্গাইলকেও আধুনিক ও পরিকল্পিত শহরে পরিণত করতে হলে সিটি কর্পোরেশনে উন্নীত করা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

তিনি আরও বলেন, আমি যে প্রতীকে নির্বাচন করছি, সেটি শুধু আমার নয় এটি দেশের মানুষের প্রতীক। হৃদয়ের প্রতীক ধানের শীষ, যা দেখলে মানুষের অন্তর জুড়িয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর এই প্রতীকে ভোট দেওয়ার সুযোগ এসেছে। সঠিক ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

এই পথসভায় স্বাগত বক্তব্য দেন সরকারি সাদত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ জাদিদুল হক জাদিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল।

Shamiur Rahman

Related