বইমেলা ২০২৬
সাঈদ আহমেদের বই ‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন
আজ বুধবার (১১ মার্চ) পড়ন্ত বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়
সাংবাদিক ও লেখক সাঈদ আহমেদ খানের ভ্রমণ কাহিনী নিয়ে প্রকাশিত নতুন গ্রন্থ আমাজনের ডায়েরির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলায়।
আজ বুধবার (১১ মার্চ) পড়ন্ত বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আবদুল মাজেদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর, শিশু সাহিত্যিক ও ছড়াকার শরীফ আবদুল গোফরান, কবি লিলি হক, কন্ঠশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ বেতারের প্রেজেন্টার সেলিনা আক্তার, কবি নাসির হেলাল, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন মানিক এবং সবার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও লেখক আবু ইউসুফ।
ছায়াবিথী প্রকাশন থেকে প্রকাশিত বইটি মূলত লেখকের ব্রাজিল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত। প্রকাশকের ভাষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে জনপ্রিয় ছড়াকার হিসেবে পরিচিত সাঈদ আহমেদ খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দেশ-বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম তিনি ভ্রমণ-গদ্য লিখেছেন।
গত নভেম্বরে জাতিসংঘের ‘শীর্ষ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন-৩০’ কভার করার উদ্দেশ্যে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল সফর করেন তিনি। সে সফরের নানা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ নিয়েই লেখা হয়েছে ‘আমাজনের ডায়েরি’। বইটিতে ব্রাজিলের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, জীবনযাপন, রোমান্স এবং প্রবাসজীবনের নানা দিক উঠে এসেছে লেখকের নিজস্ব অভিজ্ঞতার আলোকে।
প্রকাশকের মতে, সহজ-সরল বর্ণনা ও হাস্যরসাত্মক ভঙ্গিতে লেখা এ ভ্রমণকাহিনিতে পাঠক যেমন ভিন্ন এক ভূগোলের সঙ্গে পরিচিত হবেন, তেমনি জানতে পারবেন আমাজন অঞ্চল ও ব্রাজিলের জীবনযাত্রার নানা অজানা তথ্য। পাণ্ডুলিপি পড়েই প্রকাশকের ধারণা হয়েছে, বইটি পাঠকদের জন্য তথ্যবহুল ও উপভোগ্য হবে এবং সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে।
সাঈদ আহমেদ খানের পূর্বপ্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘আমার দু’টি বোন ছিলো’, ‘ভালোবাসার খুচরা পদ্য’, ‘বিষ’, ‘ঠাট্টা (রম্য)’ এবং ‘ক্ষতচ্ছড়া’। এছাড়া তিনি ‘ছড়াপত্র (ধোলাই)’ সম্পাদনার কাজও করেছেন।
Shamiur Rahman

Please share your comment: