'মৎস্য চাষী সম্মেলন ২০২৬'
নাটোরে মৎস্য প্রসেসিং এবং গবেষণাগার গড়ে তোলা হবে: টুকু
আজ ৯ই মে (শনিবার) বিকেলে নাটোরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠানে এই কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি
মৎস্য খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় মাছের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নাটোরে অনুষ্ঠিত হল বিশাল 'মৎস্য চাষী সম্মেলন ২০২৬'। নাটোরের চলনবিল মৎস্য সম্পদে ভরপুর। এখানকার মাছ বিদেশে যাতে রপ্তানি হয় সেজন্য এখানে মৎস্য প্রসেসিং সেন্টার এবং গভর্নর গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।
আজ ৯ই মে (শনিবার) বিকেলে নাটোরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠানে এই কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
জেলার গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই জমকালো সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। সম্মেলনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ এর সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ, নাটোর-০৩ এর সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। এছাড়াও হাজারো মৎস্য চাষী, বাণিজ্যিক খামারী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে বাজার নীতি সম্প্রসারণ এবং একটি আন্তর্জাতিক রপ্তানি চেইন প্রতিষ্ঠা করা।
সকাল ১০টা থেকেই বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দিনব্যাপী প্রদর্শনী, যেখানে মৎস্য উপকরণ, দেশীয় প্রজাতির মাছ এবং মাছ আহরণের আধুনিক প্রযুক্তির সমাহার দেখা যাচ্ছে। বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে তা থৈ নৃত্যকলা একাডেমির দেশাত্মবোধক গান ও নৃত্য, রাজু মণ্ডলের বাউল সংগীত এবং বিশেষ আকর্ষণ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা, কাওয়ালী ও জেলেদের সারি গান পরিবেশিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব সংস্কৃতির প্রদর্শনীও থাকছে এই আয়োজনে।
নিরাপদ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে এই সম্মেলন এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।
Shamiur Rahman

Please share your comment: