একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Published: 21 February 2026 01:02

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাত ১২টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

প্রথমবার কোনো সরকারপ্রধানের দোয়া

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর কেবলামুখি হয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান জাতীয় শহীদ মিনারে প্রচলিত রীতি অনুযায়ী পুষ্পস্তবক অর্পণ করার পর মহান আল্লাহর কাছে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করলেন।

শ্রদ্ধা নিবেদনের পর এই মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যরাসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ।

মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।

আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

এর আগে, রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

পরে, রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাত ১২টা ১৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Shamiur Rahman

Related