বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল

নোয়াখালী-হাতিয়া রুটে ফেরি চলাচল আবার বন্ধ

Published: 03 May 2026 15:05

আজ (৩রা মে সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২ মে) সকালে ফেরি চলাচল শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে তা আবারও বন্ধ হয়ে গেছে।

উত্তাল সাগরের কারণে ফেরি 'মহানন্দা' বর্তমানে হাতিয়ার নলচিরা ঘাটে আটকা পড়ে আছে। ফলে চেয়ারম্যান ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট; আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে জরুরি খাদ্যসামগ্রী ও পচনশীল কাঁচা মালামাল।

আজ (৩রা মে সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

​স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টায় ফেরি 'মহানন্দা' নলচিরার উদ্দেশে ছেড়ে যায়। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সেটি গন্তব্যে পৌঁছানোর পর নিরাপত্তার স্বার্থে আর ফিরে আসতে পারেনি। বর্তমানে ফেরিটি নলচিরা ঘাটে অবস্থান করছে। এর আগে টানা তিন দিন বন্ধ থাকার পর সকালে সীমিত পরিসরে যোগাযোগ শুরু হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় পুনরায় তা বন্ধ করে দেয়া হয়।

আজ ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক পণ্যবাহী গাড়ি ঘাটে আটকে আছে, কিন্তু নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে।

​চেয়ারম্যান ঘাটে আটকা পড়া একটি কুরিয়ার সার্ভিসের ট্রাক ড্রাইভার বেলাল জানান, ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে কুরিয়ার সার্ভিস,ঔষধ, শিশুখাদ্যসহ অন্তত শতাধিকেরও বেশি মালবাহী ট্রাক আটকা পড়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জরুরি খাদ্যদ্রব্য ও পচনশীল মালামালের।

​হাতিয়া উপকূলীয় নৌবন্দর সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, "সকালে একটি ফেরি ছেড়ে গিয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এবং সাগর উত্তাল হওয়ায় বর্তমানে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি ছাড়া সম্ভব হচ্ছে না।"

​অনিশ্চিত এ পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও পরিবহন শ্রমিকরা। দ্রুত আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

ইউএনও রাসেল ইকবাল বলেন, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে এই রুটে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চালু করা হবে।

Shamiur Rahman

Please share your comment:

Related