টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
টাঙ্গাইল-৫ আসনের এই সংসদ সদস্য রাত ১১টা ৫০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে, সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর উদ্যোগে দেশের গান পরিবেশন ও সারাদিন শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায় আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।
Shamiur Rahman
