তারেক রহমানের আগমনের খবরে টাঙ্গাইলে ঈদ উৎসবের আমেজ
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবার টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে পুরো জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। এসময় তিনি মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আগমন করবেন। এই সফরে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
এটি তারেক রহমানের টাঙ্গাইলে প্রথম সফর উল্লেখ করে তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান যে তার রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তাও আবার ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, কাগমারী সম্মেলনের মাধ্যমে মওলানা ভাসানী স্বাধীনতা আন্দোলনের বীজ বপণ করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উভয়েই মওলানা ভাসানীর কবর জিয়ারত করেছেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার তারেক রহমান টাঙ্গাইলে এসে মওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে টুকু বলেন, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ তাকে বরণ করে নিতে প্রস্তুত। মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর এলাকা থেকেই তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে টাঙ্গাইলের মানুষ তাকে অভ্যর্থনা জানাবেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে তার আগমনকে আনন্দের সঙ্গে গ্রহণ করছে। রাজনৈতিক দিক থেকে এই দিনটি টাঙ্গাইলের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন হয়ে থাকবে। বিশেষ করে টাঙ্গাইল সদরবাসীর মধ্যে ঈদের মতো আনন্দ বিরাজ করছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন—আগামীর বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তার ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে।
তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর ঘুরে দেখেন এবং উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ ও সৈয়দ শহিদুল আলম টিটু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
Shamiur Rahman
