২০৩০ বিশ্বকাপের আয়োজক তিন দেশ, ২০৩৪ সালে হবে সৌদি আরবে

Published: 12 December 2024 09:12

মধ্যপ্রাচ্য থেকে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে সৌদি আরব। ২০২২ সালে প্রথমবার সেটি আয়োজন করেছে কাতার

অনেকটা নিশ্চিত হয়েই ছিল। অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০৩০ সালের আসরটির যৌথ আয়োজক হয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। অন্যদিকে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্য থেকে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে সৌদি আরব। ২০২২ সালে প্রথমবার সেটি আয়োজন করেছে কাতার।

২০২৩ সালেই ফিফা ঘোষণা করেছিল ২০৩৪ সালের আসরটি এশিয়া কিংবা ওশেনিয়া অঞ্চলে হবে। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন তখন থেকেই সৌদি আরবের পক্ষে নিজেদের সমর্থন দিয়ে গেছে।

যৌথভাবে আয়োজনের জন্য নাম উঠেছিল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার। কিন্তু পরে যৌথ বিডটা বাদ পড়ে। তাছাড়া ফিফা ২০২৩ সালেই জানিয়েছিল, দুটি আসরে বিড হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এই দুই আসরে সম্ভাব্য আয়োজকদের নিয়ে সংশয়ের অবকাশ ছিল না।

ফিফা কংগ্রেসের সভায় ভোটাভুটির পরই আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত হয়েছে। ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিরা ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন।

সভায় আরও সিদ্ধান্ত হয় ২০৩০ সালের আসরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন। বৈশ্বিক টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হয়েছিল ১৯৩০ সালে। যার আয়োজক ছিল উরুগুয়ে।

সভায় আয়োজকদের নাম ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Shamiur Rahman

Related