ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর গোদারাঘাট এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি এই কার্যক্রম শুরু করেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর গোদারাঘাট এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি এই কার্যক্রম শুরু করেন।
প্রচারণার প্রথম দিনে বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবুর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
নেতাকর্মীরা গোদারাঘাট, গুলশান-বাড্ডা লিংক রোড, মধ্যবাড্ডা, উত্তর বাড্ডাসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন।
এসময় বাড্ডা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউর রহমান দিপু, সদস্য সচিব নাসির উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক আজিজুল হক সংগ্রাম, সদস্য সচিব মীর বাবু, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল হক এবং সদস্য সচিব দ্বীন ইসলামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালীন বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু বলেন, আজ থেকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হলো। আমরা ঢাকা-১১ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় যাবো। সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো।
এদিকে, প্রথম দিনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও সভা করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Shamiur Rahman
